কোহলির অর্ধশতকে পাকিস্তানকে বড় লক্ষ্য ছুঁড়লো ভারত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৮ পিএম

রোহিত শর্মা আর লুকেশ রাহুলের তান্ডবে প্রথম ৫ ওভারেই ৫৪ রান তুলে ফেলে ভারত। তাতে একটা সময় মনে হয়েছিল রান ২০০ অতিক্রম করতে পারে। তবে পাওয়ার প্লে শেষেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। পরের ৩০ বলেই দ্বিগুণ করতে দেয়নি রান। পরপর কয়েকটি উইকেটও তুলে নেয়। তবে ভিরাট কোহলির অর্ধশতকের বাবর আজমদের ১৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দ্রাবিড়ের শিষ্যরা।

শুরুতেই তান্ডব চালিয়েছিলেন রোহিত শর্মা। চুপচাপ থাকা লুকেশ রাহুল জ্বলে উঠলেন তৃতীয় ওভারেই। নাসিম শাহের ওপর চড়াও হয়ে ওঠেন এ দুই ব্যাটার। তবে রোহিতকে আউট করে প্রথম ব্রেক থ্রো এনে দেন হারিস রউফ। অধিনায়কের বিদায়ের পর বেশিক্ষণ টিকে থাকেননি রাহুলও, শাদাব খানের শিকার হন তিনি।

শাদাবের ডেলিভারিটি স্লটে পেয়েছিলেন ভেবে তুলে মেরেছিলেন রাহুল, তবে টাইমিং করতে পারেননি ঠিকঠাক। লং অনে মোহাম্মদ নেওয়াজের হাতে ধরা পড়ার আগে ২০ বলে করেন ২৮ রান। পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারায় ভারত।

কোহলির সঙ্গে রানের চাকা সচলে যোগ দেন সূর্যকুমার যাদবও। হংকংয়ের বিপক্ষে যিনি সূর্যের মতো জ্বলে উঠেছিলেন। কিন্তু আজ আর পারেননি। নেওয়াজকে স্লগ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। বেশ সামনে ছিল বল, লাইনে ঠিকঠাক যেতে পারেননি। স্কয়ার লেগে ধরা পড়েন ১০ বলে ১৩ রান করে।

সূর্য আউট হলে রোহিতকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন রিশাভ পান্থ। দুজনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। তবে বড় করতে পারেননি নিজের সংগ্রহ। শাদাবের আগের বলে আউটসাইড-এজে চার পেয়েছিলেন, পরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলেন রিশাভ। প্রথম ম্যাচে দীনেশ কার্তিকের কাছে জায়গা হারিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে খেলানো হলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। আজ কার্তিকের বদলে তাঁকে নামিয়েছে ভারত। ১২ বলে ১৪ রান করেই ধরেন সাজ ঘরের পথ।

কোহলির সঙ্গে পরের জুটিতে যোগ দেন হার্দিক পান্ডিয়া। যার ব্যাটে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় সূচক ছক্কাটি এসেছিল। তবে আজ তিনি রানের খাতাই খুলতে পারেননি। মোহাম্মদ হাসনাইনের বাড়তি বাউন্সের বলে মিড অনে নেওয়াজের দারুণ ক্যাচে পরিণত হয়ে ফিরতে হয় পান্ডিয়াকে। ৬ বলের ব্যবধানে দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে ভালোই চাপে পড়ে ভারত।

ব্যাটাররা যখন যাওয়া আসার মিছিলে, অন্য প্রান্তে তখন লড়ছিলেন কোহলি। তাতে পান্থ ও পান্ডিয়াকে হারানোর চাপও সামলে উঠে ভারত। দীপক হুদার সঙ্গে গড়েন ২৪ বলে ৩৮ রানের এক জুটি। এ সময়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। ফিফটির পরেও উইকেট আগলে রাখেন ভারতের সাবেক এই অধিনায়ক। কিন্তু পারেননি হুদা।

নাসিম শাহর ব্যাক অব দ্য হ্যান্ড স্লোয়ারে তুলে মেরেছিলেন দীপক। বল আকাশে উঠেছিল বেশ খানিকটা। সীমানার কাছে দারুণ একটি ক্যাচ নেন নেওয়াজ। হুদা ফিরেন ১৪ বলে ১৬ রান করে। কোহলি রান আউট হন শেষ ওভারে গিয়ে।

ফিল্ডিংয়ে আজ শুরু থেকেই দুর্দান্ত ছিল পাকিস্তান। সরাসরি থ্রোয়ে কোহলিকে রানআউট করেন আসিফ আলী। হারিস রউফের প্রথম তিন বলে এসেছিল মাত্র ১ রান, সেটিও ওয়াইড থেকে। এর আগে সিঙ্গেল না নিলেও চতুর্থ বলে রান নিলেন কোহলি, স্কয়ার লেগে খেলে ফিরতে চেয়েছিলেন ডাবলসের জন্য। আসিফের সরাসরি থ্রোয়ে ফিরতে হলো তাকে। কোহলি ৪৪ বলে করেন ৬০ রান, ৪টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা।

দুই বল বাকি থাকতে আউট হয়ে যান কোহলি। শেষ দুই বলে মাত্র দুই রান নিতে পারত ভারত। কিন্তু পরপর দুই বলে ফখর জামানের মিস ফিল্ডিংয়ে ৮ রান নেন রভি বিশনুই। তাতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৮১ রান।

পাকিস্তানের হয়ে শাদাব খান ৩১ রান খরচায় নেন দুটি উইকেট। নাসিম, হারিস, হাসনাইন ও নেওয়াজ নেন একটি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত