'কৃষ ৪'-এর জন্য আর বাবার পরিচালনার ওপর ভরসা করছেন না হৃত্বিক!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ পিএম

'সুপার ৩০' থেকে 'ওয়ার'- একগুচ্ছ সফল ছবির নায়ক হৃত্বিক রোশনের ঝুলিতে এখন আরো অনেক ছবি। বহুপ্রতীক্ষিত অপরাধমূলক থ্রিলার 'বিক্রম বেধা'র মুক্তির জন্য প্রস্তুত হচ্ছেন নায়ক। 'ফাইটার'-এর যুদ্ধের জন্যও ঝরিয়ে ফেলেছেন ওজন। পেশিতে শান দিয়েছেন ফের।

কিন্তু এ সবের মাঝেও ধীরে ধীরে বেড়ে উঠছে একদম নিজের ছবি 'কৃষ ৪'। চিত্রনাট্যের কাজ চলছে। কিন্তু বদল ঘটবে পরিচালক পদে, এমনই ইঙ্গিত দিলেন হৃত্বিক। পরিচালক হিসাবে বাবা রাকেশ রোশনকে চাইছেন না তার পুত্র। সাধনার ধন ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা হৃত্বিকের। তাই নতুন পরিচালকের সন্ধানে রয়েছেন তিনি।

আগেই 'ব্রহ্মাস্ত্র ২'-এর প্রস্তাব ফিরিয়েছিলেন অভিনেতা। তিনি কেবল 'কৃষ' এবং 'রামায়ণ' ফ্র্যাঞ্চাইজিতে মন দিয়েছেন, এমনই জানা গিয়েছে। গোটা সময় ধরে ভাবনাচিন্তা করে 'কৃষ ৪'-এর জন্য সেরাটুকু চান অভিনেতা। যেখানে তার মনে হয়েছে, রাকেশের বয়স হয়েছে, তাকে আর গুরুদ্বায়িত্বে ভরসা করা যায় না।

অথচ 'কহো না পেয়ার হ্যায়' দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন হৃত্বিক। পরিচালনা-প্রযোজনা দুই-ই ছিল বাবার। তার পর দীর্ঘ দিন সে ভাবে সফল ছবি করেননি তিনি। কামব্যাক করছিলেন বাবার 'কোই মিল গায়া' দিয়েই। একই ফ্র্যাঞ্চাইজির 'কৃষ' এবং 'কৃষ ৩'-এর মতো হিট ছবিও পরিচালনা করেন রাকেশই। 

কিন্তু হৃতিক মনে করেন সময় বদলেছে। দর্শকের চাহিদা, রুচিও সেই সঙ্গে বদলেছে। সিনিয়র রোশনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে খুব বেশি আত্মবিশ্বাসী নন হৃত্বিক। চান একজন আধুনিক পরিচালক, যিনি সময়ের চাহিদা বুঝে নির্মাণ করবেন এ যুগের 'কৃষ'। বাবার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন কি-না হৃত্বিক, তা অবশ্য জানা যায়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত