কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৭ পিএম

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে আশরাফুল ইসলাম (৪০) এবং জাহাঙ্গীর আলম (৪৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটিগ্রাম এবং ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার জাবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল ইসলাম।

মিরপুর থানার ওসি গোলাম মস্তফা জানান, সকালে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মাঠে জমিতে কাজ করছিলেন কৃষক জাহাঙ্গীর আলম। এ সময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ভেড়ামারার জিকে সেচ প্রকল্পের খালে সকালে মাছ ধরার সময় বজ্রপাতে আশরাফুল ইসলাম নামের একজন নিহত হন বলে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত