ঘরের মাঠে রিয়ালের কাছে হারলো সেল্টিক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৪ পিএম

প্রথমার্ধটা গোলশূন্যই থাকে দুই দল। স্কটিশ ক্লাব সেল্টিকও পয়েন্ট পাওয়ার আভাস পাচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটের পর ২১ মিনিটে তিন গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠ গ্লাসগোর সেল্টিক পার্কে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি ৩-০ গোলে রিয়ালের কাছে হারা সেল্টিক। ভিনিসিয়াস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর আরও দুই গোল করেন লুকা মদ্রিচ ও এডেন হ্যাজার্ড। তবে বড় জয়ের দিনে রিয়ালের জন্য অস্বস্তি হয়ে এসেছে করিম বেনজেমার চোট। তারকা এই ফরোয়ার্ড প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছেড়ে যান।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ায় এই ম্যাচে রিয়াল মিডফিল্ডে তার জায়গা নেন অহেলিয়া শুয়ামেনি। ম্যাচের শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল সেল্টিক। ২১তম মিনিটে আসে সবচেয়ে ভালো সুযোগটি। কিন্তু বক্সের বাইরে থেকে স্কটিশ মিডফিল্ডার ক্যালাম ম্যাকগ্রেগরের শট দুর্ভাগ্যজনকভাবে পোস্টে লাগে।

৩০তম মিনিটে ধাক্কা খায় রিয়াল। হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়েন গত আসরের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা। তার জায়গায় এডেন হ্যাজার্ডকে মাঠে নামান রিয়াল কোচ আনচেলত্তি। হ্যাজার্ড বিরতির আগেই একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু মদ্রিচের ক্রসে লক্ষ্যভ্রষ্ট শট নেন। এরপর ভিনিসিয়াসের শট দারুণ দক্ষতায় ফেরান সেল্টিক গোলরক্ষক জো হার্ট।

দ্বিতীয়ার্ধে আর কুলিয়ে উঠতে পারেনি সেল্টিক। ৪ মিনিটের মধ্যে দুই গোল করে রিয়াল। ৫৬তম মিনিটে ভালভার্দের পাস থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মদ্রিচ। হ্যাজার্ডের পাস থেকে বল পেয়ে দুইজনকে কাটিয়ে শট নেন ক্রোয়াট মিডফিল্ডার, সেল্টিক গোলরক্ষকের হাত ছুঁয়ে সে বল জড়ায় জালে। ৭৭তম মিনিটে ব্যবধান ৩-০ করেন হ্যাজার্ড নিজেই। টনি ক্রসের দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে তার দিকে বাড়ান কারভাহাল। সহজেই বাকি কাজটা সারেন বেলজিয়ান ফরোয়ার্ড।

গ্রুপের আরেক ম্যাচে বুন্দেসলিগার দল লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত