সম্প্রতি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঞার সঙ্গে ভারতের এআর গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সভায় তারা ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেডের কারখানার আধুনিকায়ন এবং একটি আধুনিক স্টিল রি-রোলিং মিল স্থাপনের লক্ষ্যে টেকনিক্যাল, ড্রয়িং-ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে এআর গ্রুপ সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়। এছাড়াও তারা মোটরসাইকেল ও গাড়ি উৎপাদনে বিএসইসির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
সভায় বিএসইসি’র পরিচালক ও যুগ্ম সচিব মো. মনিরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহার, বিএসইসি’র সচিব মো. নাজমুল হক প্রধান, ঢাকা স্টিল ওয়ার্কসের এমডি মো. কামাল উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৬ আগস্ট এআর গ্রুপের পরিচালক জনাব অনুজ খান্না ও জনাব মেহুল খান্না ও বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা টঙ্গীতে ঢাকা স্টিল ওয়ার্কসের কারখানা পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি
