ছবির শুটিংয়ে এসেছিলেন রানী এলিজাবেথ, সেই স্মৃতি মনে করে আবেগঘন কমল হাসান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮ পিএম

গোটা একটা যুগের অবসান হলো গ্রেট ব্রিটেনে। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে প্রয়াত হন রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর প্রয়াণে আবেগের স্রোতে ভাসলেন কমল হাসান। বহু বছর আগের স্মৃতি শেয়ার করলেন তিনি। যখন খোদ ইংল্যান্ডের রানী এসেছিলেন কমলের ছবির শুটিংয়ে। সেই ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।

নয়ের দশকে মুক্তি পেয়েছিল দক্ষিণী ছবি 'মারুধনয়াগাম'। নিজের প্রযোজনায় এবং পরিচালনায় ছবিটি তৈরি করেছিলেন কমল হাসান। ছবিটি তৈরি করতে প্রায় ৮০ কোটি টাকা খরচ হয়েছিল। তবে বাজেট নয়, অন্য কারণে ছবিটি বিখ্যাত। ছবির শুটিংয়ে গিয়েছিলেন রানী এলিজাবেথ।

যুদ্ধের দৃশ্য চলছিল তখন। কমল ছিলেন রাজার বেশ। সেই অবস্থাতেই ফ্রেমবন্দি হয়েছিলেন দু’জন। 

image

২৫ বছর আগের সেই স্মৃতি এখনো কমল হাসানের মনে টাটকা। রানীর মৃত্যুতে শোকাহত দক্ষিণী সুপারস্টার। ব্রিটেনবাসী ও ইংল্যান্ডের রাজ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে পুরনো ছবি শেয়ার করেন তিনি। বছর পাঁচেক আগেও বাকিংহাম প্যালেসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কমল হাসান। সে ছবিও শেয়ার করেন তারকা।

১৯৫৩ সালে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের রানী হিসাবে অভিষেক হয় দ্বিতীয় এলিজাবেথের। রাজপরিবারের সরাসরি উত্তরাধিকারী হওয়ার সূত্রেই তার মাথায় উঠেছিল রানীর মুকুট। ব্রিটেনের শাসন ব্যবস্থা পরিচালনার পাশাপাশি আলোচনার বিষয় হয়ে উঠেছিল রানীর সাজপোশাকও। মাঝে মাঝে রাজপরিবারের অন্যান্য সদস্যদের কার্যকলাপের ফলে অস্বস্তিতে পড়তে হলেও রাজপরিবারের হাল ধরেছেন দক্ষ হাতে। রানীর প্রয়াণের পর পরে তার বড় ছেলে যুবরাজ চার্লস ব্রিটেনের পরবর্তী রাজা হিসাবে অভিষিক্ত হবেন। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত