সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপত্তিকর পোস্ট প্রচার করার অভিযোগে তাওহীদ ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম উদ্ধার করা হয়।
সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) অমিত কুমার দাশ জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য একটি আইডিতে পোস্ট করা হয়, যা আমাদের চোখে পড়ে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ফেইসবুক আইডিটি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। রমনা মডেল থানায় করা মামলায় তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
