পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২২’। গতকাল শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার বলেন, ‘সমাজে ভালো কাজের ব্যাপার নিয়ে কেন যেন আমাদের অনীহা হচ্ছে তাই জানি না। এরমধ্যে অন্যতম গান, সুর, অঙ্কনের মতো শিল্পগুলো। এই ধরনের প্রদর্শনী হলে আমাদের শিল্পসাহিত্য বিশ্বের মধ্যে আরও এগিয়ে যাবে।’
অন্যদের মধ্যে প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করেন শিল্পী জাহিদ মুস্তফা ও সৈয়দা মাহবুবা করিম প্রমুখ।
সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় এবং জয়দ্বীপ পালিতের নৃত্য পরিচালনায় ‘জয় বাংলা জয় বাংলা বইলারে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।
এ বছর নবীন (২১-৩৫ বছর) ১ হাজার ১৯ জন শিল্পীর ২ হাজার ৩৮টি শিল্পকর্ম জমা পড়ে। এরমধ্যে থেকে শিল্পকর্ম নির্বাচকমণ্ডলী ৩৫৬ জন শিল্পীর ৪২২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। এরমধ্যে ছিল চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের সব মাধ্যমের শিল্পকর্ম।
জাতীয় চিত্রশালার গ্যালারি ২, ৩, ৪, ৫, ৬ ও ভাস্কর্য গ্যালারিতে ২৭ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২২’ হয়।
