তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় বিজ্ঞান কলেজের শিক্ষার্থী নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:০১ এএম

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আলী হোসেন (১৬) নামের ঢাকা বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিজি প্রেসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা আমানুল্লাহ জানান, আমার ভাতিজা তেজগাঁ সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। আজ সকাল সাতটার দিকে স্কুলে যাওয়ার সময় তেজগাঁ শিল্পাঞ্চল তিব্বত এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে। আলী হোসেনের বাবার নাম আজমীর হোসেন। তেজগাঁও কুণিপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত