চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য পণ্যের একটি কন্টেইনারে মিলেছে চারটি বন্দুক। গতকাল রবিবার বন্দরের সাউথ কন্টেইনার ইয়ার্ডে ইনভেন্ট্রির জন্য কন্টেইনারটি খোলার পর এসব বন্দুক পাওয়া যায়। কাস্টমস সূত্র জানায়, ইনভেন্ট্রি ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ইনভেন্ট্রি করার জন্য গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি কন্টেইনারের (কন্টেইনার নম্বর ইএমসিইউ-৩৯১৪১৫৭-২০) সিল কাটার পর সেখানে অন্যান্য মালামালের সঙ্গে চারটি বন্দুক পাওয়া যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, দীর্ঘদিন ধরে খালাস না নেওয়া এসব কন্টেইনারের পণ্য নিলামের জন্য কাস্টমস ইনভেন্ট্রি করছে। আর ইনভেন্ট্রি কালেই বন্দুকগুলো পাওয়া যায়। বন্দুকগুলো কারা আমদানি করেছে তার নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি কাস্টমস। তবে সংশ্লিষ্টদের ধারণা ব্যাগেজের আওতায় কেউ এসব বন্দুক আনার পর খালাসে জটিলতার কারণে তা দীর্ঘদিন ধরে কন্টেইনারের ভেতর পড়ে ছিল।
