ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিস

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:২০ এএম

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে ভারতে স্থায়ীভাবে ইলিশ রপ্তানি বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। ব্যত্যয় হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানান নোটিসকারী আইনজীবী।

যাদের এ আইনি নোটিস পাঠানো হয়েছে তারা হলেন বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, পররাষ্ট্র সচিব, বেসরকারি বিমান ও পর্যটন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান।

নোটিসে বলা হয়েছে, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু বর্তমানে ইলিশের অত্যধিক দামের কারণে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এটি কেনার চিন্তাও করতে পারে না। মধ্যবিত্তও ইলিশ কিনতে হিমশিম খাচ্ছে। বাজারে এ মাছের দাম গড়ে ১০০০ থেকে ১২০০ টাকা কেজি। আর সবচেয়ে সুস্বাদু পদ্মা নদীর ইলিশের দাম গড়ে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি। পদ্মা নদীতে অল্প পরিমাণ ইলিশ পাওয়া যায় এবং যেসব ইলিশ বাজারে পাওয়া যায় সেগুলো মূলত অন্যান্য নদীর ও সামুদ্রিক। ভারতে যে ইলিশ রপ্তানি হচ্ছে সেগুলো পদ্মা নদীর।

এতে আরও বলা হয়, ‘অত্যন্ত দুঃখের বিষয় বাণিজ্য মন্ত্রণালয় দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ফলে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম আরও বেড়েছে। আরও দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের বাজারদরের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে।’

আইনজীবী বলেন, ‘বাংলাদেশের রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য পণ্য নয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় দেশের মানুষের স্বার্থ উপেক্ষা করে সম্পূর্ণ অন্যায্যভাবে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।’

নোটিসে আইনজীবী আরও বলেন, পর্যটন করপোরেশন আইনের (বাংলাদেশ পর্যটন করপোরেশন অর্ডার) ধারা ৫ অনুযায়ী পর্যটনের উন্নয়ন, বিকাশ, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করাসহ পর্যটনের সকল প্রকার উৎকর্ষ সাধনের দায়িত্ব পর্যটন করপোরেশনের। বাংলাদেশ সরকার যদি বিদেশিদের ইলিশের স্বাদ উপভোগ করাতে চায়, সেক্ষেত্রে সরকারের পক্ষে বাংলাদেশ পর্যটন  করপোরেশন ‘ইলিশ উৎসব’ আয়োজন করতে পারে, যেখানে বিদেশিদের ইলিশের স্বাদ উপভোগের আমন্ত্রণ জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত