পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়ায় পালানোর সময় ছোড়া গুলিতে ২ পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরঘোজা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল এবং স্থানীয় দুলাল সরদার ও মোটরসাইকেল চালক ইউসুফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রাত দেড়টার দিকে ৫ থেকে ৬ সদস্যের ডাকাতদল পৌরঘোজা এলাকায় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশকে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ছড়ড়া গুলি ছোড়ে।
বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। গুলিবিদ্ধ আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুষ্কৃতকারীদের সনাক্তে জোর প্রচেষ্টা চলছে।
