ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকবইয়ে সই করেন। গত ৮ সেপ্টেম্বর রানীর মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এ বই খোলা হয়।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনে গেলে এ সময় তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানান, রানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী তার প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি শোকবইয়ে সইয়ের পর রানীর সঙ্গে তার সুখ স্মৃতিচারণ করেন।
হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য খোলা শোকবইতে স্বাক্ষরের পর স্মৃতিচারণ করেন এবং রানীর প্রজ্ঞা ও জ্ঞানের কথা হাইকমিশনারের সঙ্গে শেয়ার করেন।
বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে এবারই প্রথম গেলেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার।
