টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু হত্যা মামলায় গতকাল বুধবার দুজনকে মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
দ-িত ব্যক্তিরা হলো সখীপুরের ফুলবাগ গোবরচাকা গ্রামের মিনহাজুর রহমান মিন্টু ও আবদুল মালেক শুকুর। খালাস পাওয়া ব্যক্তিরা হলো শমশের আলী, মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ নান্নু মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন সিকদার বলেন, ২০১১ সালের ২০ অক্টোবর দুপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। তিনি বৈল্লারপুর এলাকায় পৌঁছলে পূর্বশত্রুতার জেরে মিনহাজুর রহমান মিন্টুর নেতৃত্বে জামাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ওই দিন জামাল হোসেনের স্ত্রী পারভীন বেগম সখীপুর থানায় মামলা করেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আইয়ুব আলী পাঁচজনের নামে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার সময় মিন্টু আদালতে উপস্থিত এবং শুকুর পলাতক ছিল।
