আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার ব্রিটেনের সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক জমায়েত হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিসহ ৫শ’র বেশি আন্তর্জাতিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেন। ইতিমধ্যে রানীকে শেষ বিদায় জানাতে লন্ডনে আমন্ত্রিতদের তালিকাও প্রকাশিত হয়েছে।
বিবিসি বলছে, সেদিন বিশ্বের প্রায় সব দেশের সরকারপ্রধান ও রাজপরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইউক্রেনে অভিযানের কারণে রাশিয়া, অভিযান সমর্থনের কারণে বেলারুশ এবং রাখাইনে রোহিঙ্গাদের জাতিগত নিধনের কারণে মিয়ানমারকে আমন্ত্রণপত্র পাঠায়নি যুক্তরাজ্য।
এদিকে আমন্ত্রণ গ্রহণ করে লন্ডনে আসার সম্মতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইমায়ার, ইতালির প্রেসিডেন্ট সার্গিও মাতারেল্লা, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইওল।
বিবিসি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।
এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, জাপানের সম্রাট নারুহিতো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে চীনের প্রেসিডেন্ট আসছেন কিনা তা জানা যায়নি।
বিশ্ব নেতাদের সঙ্গে অবধারিতভাবেই শেষকৃত্য অনুষ্ঠানে আসবেন ইউরোপের কয়েকটি রাজপরিবারের সদস্য। এদের কারও কারও সঙ্গে প্রয়াত দ্বিতীয় এলিজাবেথের রক্তের সম্পর্ক রয়েছে। রানীকে শেষবারের মতো বিদায় জানাতে আসছেন বেলজিয়ামের রাজা ফিলিপে ও রানী মাথিলডে, নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেকজেন্ডার ও রানী ম্যাক্সিমা। আরও আসছেন স্পেনের রাজা ফেলিপে এবং রানী লেতিজিয়া। এছাড়া আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও মোনাকোর রাজা-রানীরা।
গত মঙ্গলবার রাতে রানীর কফিন লন্ডনে নিয়ে আসার পর তা ওয়েস্টমিনস্টার হলে রাখা হয়েছে। এখানে কয়েক দিনের আনুষ্ঠানিকতা শেষে ১৯ সেপ্টেম্বর সোমবার সেখান থেকে স্বল্প দূরত্বের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানীর মরদেহ নেওয়া হবে। শেষকৃত্যের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হবে স্থানীয় সময় বেলা ১১টায়। সকাল ১০টা ৪৪ মিনিটে হল থেকে রানীর কফিন বের করা হবে, রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে হেঁটে অ্যাবিতে যাবেন। যুক্তরাজ্যজুড়ে সেদিন সরকারি ছুটি ঘোষণা করেছেন নতুন রাজা তৃতীয় চার্লস।
