ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে চলে আসা এক এসএসসি পরিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে (বাংলা ১ম পত্র) সকাল সোয়া ১০টার দিকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো. ইমরান হোসেন মোল্লার সহায়তার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
জানা যায়, এক ছাত্রী অভিভাবকসহ ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে যান। ওই পরীক্ষার্থীর রোল মিলিয়ে দেখে তার কেন্দ্র মূলত শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয়। যা ওই কেন্দ্র থেকে প্রায় আধাঘণ্টা দুরত্বে অবস্থিত।
এ অবস্থায় পরিস্থিতি ও সময় বিবেচনায় মা এবং ওই ছাত্রীকে পুলিশের গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ সময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন।
নির্ধারিত সময়ের আগে পরীক্ষার্থী ও তার অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌঁছায়। তারা ডেমরা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানায়।
