যশোরের শার্শার বেনাপোলে হামলায় আহত বেনাপোলের বিএনপি কর্মী আব্দুল আলিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুল আলিম যশোরের শার্শা উপজেলার বেনাপোল গাজীপুর গ্রামের ফারাজ আলীর ছেলে ও পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার সদস্য বলে জানিয়েছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
তিনি আরও জানান, গত ১৬ আগস্ট বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল। ছাত্রলীগের ওই হামলায় আহত হয় অন্তত ১০ জন। তার মধ্যে আব্দুল আলিমের অবস্থা ছিল আশঙ্কাজনক। সন্ত্রাসীরা তার মাথায়, হাতে, পায়ে ও বুকে আঘাত করে। এরপর সন্ত্রাসীদের ভয়ে জীবন বাঁচাতে দোতলা থেকে নিচে লাফ দেন তিনি। এতে মারাত্মক জখম হন আব্দুল আলিম। প্রথমে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি যান তিনি।
