বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে তিন বছরের চুক্তিতে ফের নিয়োগ পেয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম।
আগামী ২৩ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে। তিনি ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর থেকে শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব লাকী ইনামকে তার পূর্বের নিয়োগের ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮ এর ধারা-১০ (১) অনুযায়ী ২৩ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ প্রদান করা হয়েছে।
লাকী ইনামের জন্ম ১৯৫২ সালের ৬ সেপ্টেম্বর। তিনি ১৯৭২ সালে ‘নাগরিক নাট্য সমুদ্র’ নাট্যদলে যোগ দেয়ার মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ১৯৮৭ সালে তিনি প্রথম নাটক করেন পিযুষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নাটকটির নাম ছিল ‘অনুভবে অনুভূতি’। তার বিখ্যাত কিছু চরিত্র ছিল শরমার ‘কণা’, নুরুলদিনের সারাজীবন এ ‘আম্বিয়া’, বহুব্রীহিতে ‘জনাবা ইশা’, অয়োময়ে ‘বারা বউ’। তিনি হুমায়ূন আহমেদের বহুব্রীহি, অয়োময় এবং কোথাও কেউ নেই নাটকে অভিনয় করে সারা দেশে ব্যাপক পরিচিতি অর্জন করেন।
