ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজিটি সাকিবকে সই করালেও দলে নিতে পারছিল না বিদেশি খেলোয়াড়ের জায়গার সীমাবদ্ধতার কারণে। তাবরিজ শামসি ও হেইনরিখ ক্লাসেন দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলে যাওয়ায় বদলি হিসেবে সাকিব ও রহমানউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গতকালই মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলেছেন দুই প্রোটিয়া ক্রিকেটার শামসি ও ক্লাসেন। সাকিব ও গুরবাজ দলের সঙ্গে যোগ দেবেন পরের ম্যাচ থেকে। আমাজন ওয়ারিয়র্সরের হয়ে খেলার আগে সাকিব আরও দুটো দল জ্যামাইকা তালাওয়াস ও বার্বাডোজ রয়্যালসের হয়ে সিপিএলের বিগত মৌসুমগুলোতে খেলেছেন। সিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিংয়ের রেকর্ড সাকিবেরই, ২০১৩ সালে বার্বাডোজের হয়ে নিয়েছিলেন ৬ রানে ৬ উইকেট। সিপিএলে সাকিবের দল আমাজন ওয়ারিয়র্স অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। ৬ দলের আসরে পাঁচ ম্যাচ শেষে মাত্র এক ম্যাচ জিতে গায়ানা পয়েন্ট টেবিলের তলানিতে। এখনো অবশ্য আরও পাঁচটি ম্যাচ রয়েছে তাদের হাতে। শীর্ষ চারের লড়াইয়ে থাকতে হলে দারুণ কিছুই করতে হবে সাকিবদের।
×
