এসএসসি-এইচএসসি

পুনর্বিন্যাস করা সিলেবাসে আগামী বছরের পরীক্ষা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:০৮ এএম

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সব বিষয়ে। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পুনর্বিন্যাসকৃত সিলেবাসে উভয় পরীক্ষা নেওয়া হবে। গতকাল রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক পুনঃবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বছর সব বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টি আগেই জানানো হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও আরও কিছু অনলাইন মাধ্যমে কোনো সূত্র ছাড়াই পরীক্ষার ব্যাপারে তথ্য প্রচার করা হচ্ছে। এমনকি আগামী বছর থেকে পর্যায়ক্রমে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমের সঙ্গেও এ দুই পরীক্ষাকে মিলিয়ে ফেলা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। এজন্যই আন্তঃশিক্ষা বোর্ড পুনঃবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষাপঞ্জী অনুসারে প্রতি বছর এসএসসি ফেব্রুয়ারিতে ও এইচএসসি এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনার প্রাদুর্ভাবে একবার পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি। এরপর গত দুই বছর ধরে অনেক পিছিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। আর এ বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে। তবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বেশি হলে এক মাস দেরি হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা মার্চে এবং এইচএসসি পরীক্ষা মে মাসে শুরু হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত