আইজিপি বললেন

মুক্তিযুদ্ধের সঙ্গে পুলিশের রক্তের ইতিহাস রয়েছে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:১২ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গত শতকের দুটি গুরুত্বপূর্ণ ঘটনার একটি মহাত্মা বঙ্গবন্ধুর আবির্ভাব এবং অপরটি মুক্তিযুদ্ধ। এ দুটি ঘটনা আমাদের চার হাজার বছরের ইতিহাসকে পাল্টে দিয়েছে। যতদিন এ জাতির অস্তিত্ব থাকবে ততদিন এ দুটি ঘটনার অনুরণন হবে।

গতকাল রবিবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ঢাকা রেঞ্জের ডিআইজি, লেখক ও গবেষক হাবিবুর রহমান সংকলিত ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ গ্রন্থের পরিবর্তিত ও পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ প্রকাশ উপলক্ষে পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, স্বাধীনতা-পরবর্তী ৫০ বছর অতিবাহিত হলেও গত ৩০ বছর আমরা গণতন্ত্রের দেখা পাইনি। আমাদের মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। যাদের হাতে দেশ লাঞ্ছিত হয়েছে তাদের গাড়িতে আমরা বাংলাদেশের পতাকা দেখেছি।

মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের ব্যাপকতা ও বিশালত্ব ছিল। বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিল বাঙালি পুলিশ, কারণ তারা জানত কী ধরনের বঞ্চনার শিকার তাদের হতে হয়েছে। বাঙালি পুলিশ মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে, গুলি দিয়ে, অস্ত্র দিয়ে মানুষকে সহায়তা করেছে। এ কারণে মুক্তিযুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বেড়েছে। মুক্তিযুদ্ধ জনযুদ্ধে পরিণত হয়েছে। যতদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা হবে ততদিন পুলিশের বীরত্বের কথা প্রকাশিত হবে। কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে পুলিশের রক্তের ইতিহাস রয়েছে।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নিপীড়ন-নির্যাতনের কথা তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, আমরা যদি মুক্তিযুদ্ধের নির্মমতার কথা ভুলে যাই, তাহলে আমাদের অস্তিত্বকে ভুলে যাব। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমাদের নিরপেক্ষ থাকতে হবে।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক কথাসাহিত্যিক ড. রতন সিদ্দিকী এবং ডিআইজি মো. হাবিবুর রহমান বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত বেতার অপারেটর মো. শাহজাহান মিয়া। অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ গ্রন্থটি রাজারবাগ পুলিশ লাইনসে প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের স্মৃতিচারণকে উপজীব্য করে সংকলিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে পুলিশের কৃতিত্বপূর্ণ অবদানের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আইজিপি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত