রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রায় সাড়ে চার হাজার বিদেশি কর্মী কাজ করেন। এসব বিদেশির পানীয় পানের জন্য রূপপুরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি বার রয়েছে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অত্যধিক শুল্কারোপের কারণে উচ্চমূল্যে বিদেশি মদ বিক্রি করতে হয় পর্যটন করপোরেশনকে। এমন পরিস্থিতিতে বিদেশি মদের পরিবর্তে কম মূল্যের ভেজাল, মানহীন পণ্যে ঝোঁক তৈরি হয়েছে বিদেশিদের। কিন্তু ভেজাল পণ্যের কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যেই কয়েকজন বিদেশির মৃত্যুও হয়েছে।
এমন পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদেশি কর্মীদের কাছে শুল্কমুক্ত সুবিধা মদ বিক্রির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এ জন্য রূপপুরের বিদেশিদের প্রিভিলেজড পারসন ঘোষণা ও প্রাপ্যতা কার্ড ইস্যু করতে চায় সরকারের সংস্থাটি। এতে ভেজাল মদ বিক্রি বন্ধ হবে বলে মনে করে তারা।
রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পর্যটন শিল্পের গুরুত্ব বিবেচনা করে পানীয় জাতীয় পণ্যের ভ্যাট, ট্যাক্স ইত্যাদি কমানোর বিষয়ে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব করা হয়।
সভায় পর্যটন করপোরেশন জানিয়েছে, বর্তমানে বিয়ারের ক্ষেত্রে ৩১০ শতাংশ ও হুইস্কির জন্য ৪২৫ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হয় সরকারকে। অত্যধিক শুল্ক নির্ধারণ করায় বিদেশি কর্মীরা মদজাতীয় পণ্য ক্রয়ে আগ্রহী না হয়ে কম মূল্যে বিভিন্ন পন্থায় মানহীন পণ্য ক্রয় ও সেবন করছেন। ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে বৈধ উৎসের পণ্য অবিক্রীত রয়ে যাচ্ছে। এতে সরকার বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে। তাই শুল্কমুক্ত সুবিধায় বিদেশিদের মদ ক্রয়ের সুবিধা দেওয়া হলে স্বাস্থ্যঝুঁকি দূর হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। এ জন্য বিদেশি কর্মীদের ‘প্রিভিলেজড পারসন’ ঘোষণা করা এবং তাদের জন্য মদজাতীয় পণ্যের প্রাপ্যতা কার্ড ইস্যু করা হলে তারা সাশ্রয়ী মূল্যে এসব পাবেন, অবৈধ ও মানহীন পণ্যের প্রতি আগ্রহ থাকবে না। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে ও রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত পাঁচ রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। ২৮ জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বারচেনকো আলেক্সইয়ের, ২ ফেব্রুয়ারি শাকিরভ আলেক্সইয়ের মৃত্যু হয় ঘুমের মধ্যে। ৫ ফেব্রুয়ারি ট্রেস্ট রোসেম রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চুকিন পাভেল মারা যান। একই দিন আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনস্টলার তলমাসেফ ভাইয়াসেলভের সিঁড়ি দিয়ে নামার সময় মারা যান। ৬ ফেব্রুয়ারি মারা যান ভরতনিকভ আলেকজান্ডার। তাদের মধ্যে ভেজাল মদের কারণে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল স্থানীয় থানা পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত খবরেও মৃত্যুর কারণ হিসেবে ভেজাল মদপান করার বিষয়টি উল্লেখ করা হয়।
এসব ঘটনার পর ভেজাল মদ বিক্রি রোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস খোলার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৪ হাজার ৪৯৩ জন বিদেশি কর্মীর সুবিধার্থে গ্রিন সিটি আবাসিক এলাকার অভ্যন্তরে একটি বার ও রেস্তোরাঁ চালু করেছে। তবে অধিক শুল্কায়নের কারণে বারটিতে বিদেশি মদ কম বিক্রি হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশন সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমদানিকারক হওয়ায় সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করে থাকে। আন্তঃমন্ত্রণালয়ের ওই সভায় ইনভয়েস মূল্যে পণ্যের শুল্কায়ন করার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি।
পর্যটন করপোরেশন জানায়, বৈধপথে আমদানি করা মদ-বিয়ার ভোক্তাপর্যায়ে বিক্রির ক্ষেত্রে সব মিলিয়ে হুইস্কির শুল্ক ৫৯০ শতাংশ এবং বিয়ারের শুল্ক পড়ে ৪৪৭ শতাংশ। অধিক শুল্কের কারণে বৈধ উৎসের তুলনায় অবৈধ উৎস হতে বার-ক্লাবগুলো সংগ্রহ করে থাকে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় শুল্ক না কমালে বৈধ উৎস হতে সংগ্রহ করার পরিমাণ আরও কমে যাওয়ার আশঙ্কায় শুল্ক হ্রাস করার দাবি তোলা হয়। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এনবিআরের কর্মকর্তা।
