দেড় মাস লড়াইয়ের পর হার মানলেন কৌতুক অভিনেতা রাজু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ পিএম

বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় শিল্পীর। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজুকে। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তিনি। জ্ঞান ফিরেছিল তার। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে।

এমস সূত্রে খবর, হৃদরোগের চিকিৎসাধীন রাজু হঠাৎই জ্বর আসতে শুরু করে। ঝুঁকি না নিয়ে রাজুকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখেন চিকিৎসকেরা। গত ২০ দিন সেভাবেই চিকিৎসা চলছিল কৌতুকাভিনেতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত