ঢাবিতে ২০ লাখ টাকা ছিনতাই

তাঁতীবাজার থেকেই ব্যবসায়ীকে অনুসরণ করে ডাকাত চক্র

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৫ এএম

গোয়েন্দা পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী মহিউদ্দিন খানকে অপহরণ করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিলেও ওই ব্যবসায়ীকে অনুসরণ করা হচ্ছিল তাঁতীবাজার এলাকা থেকে। শাঁখারীবাজারের এক দোকান থেকে পাওনা ৬ লাখ টাকা নেওয়ার সময়ও মহিউদ্দিনের কাছাকাছি অবস্থান করছিল ডাকাত চক্রের দুই সদস্য। তারা প্রথমে হেঁটে এবং পরে মহিউদ্দিন ভাড়ার মোটরসাইকেলে উঠলে মোটরসাইকেল নিয়ে অনুসরণ করে। এ সময় চক্রের অন্য পাঁচ সদস্য ঢাবি এলাকায় একটি পাজেরো গাড়ি নিয়ে অবস্থান করছিল। ব্যবসায়ী মহিউদ্দিন ডাকাত চক্রের টার্গেটে ছিলেন অনেক আগে থেকেই। এদিকে ঘটনার পর শাহবাগ থানায় মহিউদ্দিনের করা মামলায় ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটি জলপাই রঙের এবং তাতে সেনাবাহিনীর স্টিকার লাগানো ছিল বলে দাবি করা হলেও গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে এখনো এমন কোনো তথ্য মেলেনি। গাড়িটি সাদা রঙের ছিল। ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ডাকাত চক্রটি ডিবির জালে রয়েছে। দুয়েক দিনের মধ্যেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে ডিবি কর্মকর্তারা আশা করছেন।

জানতে চাইলে ডিবির রমনা বিভাগের উপকমিশনার মো. হুমায়ুন কবীর গতকাল বুধবার দেশ রূপান্তরকে বলেন, ‘ডাকাতির মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আমাদের টিম অভিযান অব্যাহত রেখেছে। আসামিদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।’

গত ৩ সেপ্টেম্বর টাকা ছিনতাইয়ের ঘটনার পরদিন অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী জুয়েলারি ব্যবসায়ী মো. মহিউদ্দিন খান। এজাহারে উল্লেখ করা হয়, ঢাকার নিউমার্কেট এলাকায় জুয়েলারি ব্যবসাপ্রতিষ্ঠান আছে মহিউদ্দিনের। ৩ সেপ্টেম্বর দুপুরে তিনি তাঁতীবাজার থেকে ভাড়া করা মোটরসাইকেলে করে নিউমার্কেটে যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে এলে তাকে বহনকারী মোটরসাইকেলের সামনে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে জলপাই রঙের একটি পাজেরো গাড়ি। গাড়িটি থেকে তিনজন নেমে মহিউদ্দিনের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গাড়িতে তোলে। এরপর চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে মারধর করে দুই হাতে হাতকড়া পরায়। এ সময় তার সঙ্গে থাকা ২০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে কাশবনে ফেলে যায়।

ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার দিন মহিউদ্দিন যাত্রাবাড়ীর বাসা থেকে ১৪ লাখ টাকা সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে যান তাঁতীবাজারে। তিনি তাঁতীবাজারে মাঝেমধ্যেই যেতেন। ঘটনার দিন তাঁতীবাজার থেকে হেঁটে যখন শাঁখারীবাজার যান, তখন ডাকাত দলের এক সদস্য অনুসরণ করা শুরু করে মহিউদ্দিনকে। শাঁখারীবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়ার সময় দেখে ডাকাত দলের ওই সদস্য। সেখান থেকে মহিউদ্দিন ফের হেঁটে তাঁতীবাজার চৌরাস্তায় আসার সময়ও তাকে অনুসরণ করা অব্যাহত রাখে। চৌরাস্তা থেকে মহিউদ্দিন ভাড়ার মোটরসাইকেলে উঠে নিউমার্কেটের উদ্দেশে রওনা হলে ডাকাত চক্রের দুই সদস্য মোটরসাইকেলে চড়ে তাকে অনুসরণ করে। তাদের পরনে ছিল প্যান্ট ও শার্ট। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ফোনে তথ্য দিতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেওয়া ডাকাত দলের অন্য সদস্যদের। পাজেরো গাড়িতে থাকা ওই ডাকাত দলের পরনে ছিল ডিবির পোশাক, হাতে ছিল ওয়াকিটকি। প্রকাশ্যে ছিনতাই করলেও ডিবির পোশাক পরা থাকায় ঘটনাস্থলের আশপাশে থাকা কেউ বুঝতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত