নওগাঁর পত্নীতলা উপজেলার দুর্বৃত্তের আগুনে হালিমা খাতুন মিষ্টি (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী রিপন মিয়ার (২৫) শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমদাপুর কমলাবাড়ী গ্রামে দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ।
ওসি শামসুল আলম শাহ স্থানীয়দের বরাতে জানিয়েছেন, বুধবার রাতে রাতের খাবার খেয়ে রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা খাতুন ঘুমাতে যান। রাত সাড়ে ১০ টার পর তাদের বাড়ির পেছন থেকে একটি ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রল মিশ্রিত আগুন ঘরের মধ্যে ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে একসময় তাদের শরীরেও আগুন লেগে যায়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) হালিমা খাতুন মিষ্টি মারা গেছেন।
