চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন

দুই সদস্য প্রার্থীতে বিভক্ত লোহাগাড়া আওয়ামী লীগ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ এএম

আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীকে নিয়ে বিভক্ত হয়ে পড়েছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো। দুই প্রার্থীকে নিয়ে দলের অভ্যন্তরে চলছে নানা বাগ্্বিত-া। এটি স্থানীয় রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে বলে মনে করছেন কেউ কেউ; যা আগামী সংসদ নির্বাচনে দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

অনুসন্ধানে জানা যায়, আগামী ১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন। এতে সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামাল। অপরদিকে, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন স্থানীয় সাংসদ ড. আবু রেজা নদভীর একান্ত সচিব ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফানুল করিম চৌধুরী।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়ায় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলে ১২০ জন ভোটার রয়েছেন।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল আলম চৌধুরী বলেন, আনোয়ার কামাল লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু তার প্রতিপক্ষ সাতকানিয়া উপজেলা থেকে এসে স্থানীয় সাংসদের ক্ষমতা ব্যবহার করে নির্বাচনে প্রার্থী হয়েছেন, যা দলের জন্য শুভ নয়। ভোটারদের অনুরোধ করব স্থানীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বলেন, এরফানুল করিম চৌধুরী সাতকানিয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য। যেহেতু তিনি স্থানীয় সাংসদের পিএস সেহেতু তার তো প্রভাব রয়েছে। তবে আনোয়ার কামাল অতীতে জেলা পরিষদের সদস্য ছিলেন এবং লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের কর্মী।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী বলেন, এরফান বহিরাগত হলেও বর্তমানে তিনি লোহাগাড়ার ভোটার। সে হিসেবে তিনি প্রার্থী হতে পারেন। যাকে নির্বাচিত করলে লোহাগাড়ার উন্নয়ন হবে আমরা তাকে ভোট দেব। 

লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন বলেন, এরফানুল করিম যেহেতু স্থানীয় সাংসদের পিএস সেহেতু আমাদের তো তার পক্ষে কাজ করতেই হবে। এ ছাড়া লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তার পক্ষে কাজ করবে।

এ ব্যাপারে নির্বাচনে সদস্য প্রার্থী আনোয়ার কামাল বলেন, স্থানীয় সাংসদ সব জায়গায় তার পছন্দের মানুষকে প্রার্থী করছেন। জেলা পরিষদ নির্বাচনে বহিরাগত প্রার্থী দিয়েছেন। যা খুব দুঃখজনক। তিনি দলকে বিভক্ত করছেন। এ ছাড়া সাংসদের প্রভাব বিস্তার করে এরফান ভোটারদের নানাভাবে প্রভাবিত করছেন।

তবে এরফানুল করিম চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, আমার বাড়ি সাতকানিয়ায় হলেও লোহাগাড়া উপজেলার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সঙ্গে সমন্বয় করে মনোনয়ন জমা দিয়েছি। ভোটারদের ওপর সাংসদের প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত