'বাহুবলি' থেকে এস এস রাজামৌলির সাফল্যের যে সফর শুরু হয়েছিল, 'আরআরআর' মুক্তির পরও তা অব্যাহত। সেই সাফল্যের সৌজন্যেই হলিউডের নজরে দক্ষিণী পরিচালক। সম্প্রতি আমেরিকার ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন রাজামৌলি। তাতেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে হলিউড সিনেমা তৈরি করতে চলেছেন ভারতীয় পরিচালক?
'ইগা', 'মগধিরা'র মতো সিনেমা তৈরি করে জনপ্রিয়তা পেয়েছিলেন রাজামৌলি। তবে সারা ভারতবর্ষে তাকে তুমুল জনপ্রিয়তা দেয় 'বাহুবলি। প্রভাস, আনুশকা শেঠি, রানা দগ্গুবাতি, তামান্না ভাটিয়াদের নিয়ে দুটি ভাগে সিনেমাটি তৈরি করেন পরিচালক। তাতেই মুগ্ধ দর্শক। সেই পর্ব মিটতেই আবার 'আরআরআর' সিনেমার প্রস্তুতি শুরু করে দেন রাজামৌলি।
চলতি বছরের মার্চে মুক্তি পায় 'আরআরআর'। পিরিয়ড এই ড্রামায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন রামচরণ ও এনটিআর জুনিয়র। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় অজয় দেবগন, আলিয়া ভাটের মতো বলিউড তারকাদের। এই ছবির জোরে ফের সাফল্যের শিখরে পৌঁছে যান রাজামৌলি।
জানা গেছে, এর মধ্যেই সারা বিশ্বে ১০০০ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি।
আশা ছিল, হয়তো বক্স অফিসে রেকর্ড ব্যবসা করার পর অস্কারেও পৌছে যাবে 'আরআরআর'। তা হয়নি। তবে শোনা যায়, বিদেশি দর্শকদের বেশ পছন্দ হয়েছে রাজামৌলির নতুন ছবি। আর তাতেই ভারতীয় পরিচালকের দিকে হলিউড ট্যালেন্ট এজেন্সির নজর পড়েছে। আমেরিকার ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন রাজামৌলি। তবে তাদের হয়ে তিনি ভারতীয় সিনেমা তৈরি করবেন না হলিউড সিনেমা, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। আপাতত মহেশ বাবুকে নিজের পরবর্তী সিনেমার নায়ক হিসেবে বেছে ফেলেছেন প্রখ্যাত পরিচালক। হলিউড প্রজেক্ট যদি করেনও, হয়তো নতুন এই ছবির পরই ভাবনাচিন্তা করবেন। সূত্র : হিন্দুস্তান টাইমস
