বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করতে দুবাই গেছে বাংলাদেশ। সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। আগামীকাল রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। দুবাই প্রবাসী বাংলাদেশিরা সেই খেলাটি দেখতে পারবেন বিনা টিকিটেই।
বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। দুবাইয়ে দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিয়েছে ক্রিকেট বোর্ডটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২৭ সেপ্টেম্বর। বাংলাদেশ থেকে দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন ডিজিটাল মাধ্যম র্যাবিটহোলবিডিতে।
এই সিরিজে টাইগাররা পাচ্ছে না দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। তার বদলে লাল-সবুজদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।
