সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় সাবিনা খাতুনের পরিবারের সদস্য ও স্থানীয় কোচ প্রয়াত আকবার আলীর স্ত্রী উপস্থিত ছিলেন। সাবিনা খাতুনকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে জেলা প্রশাসন।
সাফ জয়ের পর সাবিনা খাতুন তার নিজ জেলা সাতক্ষীরায় এসেছেন গত শুক্রবার ভোররাতে। ওইদিন বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তিনি একটি গাড়িতে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় পথে পথে তাকে সংবর্ধনা দেয় বিভিন্ন সংগঠন। গতকাল দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হলো।
