শত নাগরিকের বিবৃতি

রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৯ এএম

রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১০০ জন নাগরিক। তাদের মধ্যে রয়েছেন সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রামনাথ বিশ্বাসের বাড়িটি পুনরুদ্ধারের পর সেখানে ভ্রমণবিষয়ক বইয়ের একটি বিশেষায়িত পাঠাগার এবং বাইসাইকেল মিউজিয়াম গড়ে তোলার দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘প্রায় শতবর্ষ আগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ার রামনাথ বিশ্বাস বাইসাইকেল নিয়ে বেরিয়েছিলেন ভূপর্যটনে। দেশে দেশে ভ্রমণ করেই ক্ষান্ত হননি তিনি, বাঙালির ঘরকুনো অপবাদ ঘোচানো এই মানুষটি লিখেছেন ভ্রমণবিষয়ক গোটা চল্লিশেক বই। উদার-অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রামনাথের জন্ম ১৮৯৪ সালে। ভ্রমণপিপাসু এই মানুষটি থিতু হতে চেয়েছিলেন নিজ গ্রাম বানিচংয়ে। কিন্তু ১৯৪৭ সালের দেশভাগের পর কলকাতায় চলে যেতে বাধ্য হন। সেখানেই ১৯৫৫ সালে মৃত্যুবরণ করেন। কলকাতায় তার নামে রয়েছে একটি সড়ক, কিন্তু নিজভূমে বেদখল হয়ে গেছে তার স্মৃতিবিজড়িত বাড়িটিও।’

বিবৃতিদাতারা বলেন, ‘আমরা জানতে পেয়েছি, রামনাথের বাড়িটির দখলদার আবদুল ওয়াহেদ মিয়া আলবদর পরিবারের সদস্য। নিজে একসময় জামায়াত-বিএনপি করে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগে। যোগ দিয়ে রীতিমতো ওয়ার্ড কমিটির সভাপতির পদও বাগিয়ে নিয়েছিলেন। তারই প্রেক্ষাপটে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রামনাথের বাড়ি দেখতে যাওয়া পর্যটক, বাইসাইকেল রাইডার ও সাংবাদিকের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছেন। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক নিগৃহীত হয়েছেন দখলদার ওয়াহেদ ও তার পুত্রদের হাতে।’

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এ ঘটনার পর ওয়াহেদকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। আমরা মনে করি শুধু দল থেকে বহিষ্কার করা বড় কোনো সমাধান নয়। রামনাথ বিশ্বাসের বসতবাড়িটি দখলদারের হাত থেকে পুনরুদ্ধার করতে হবে। আমাদের জানা মতে, ওই বাড়ির প্রায় পাঁচ একর জমির সবটুকুই এখন সরকারি খাস খতিয়ানে। প্রকৃতপক্ষে সরকারই এ জমির মালিক। তাই বিস্মৃতপ্রায় ভূপর্যটক রামনাথ বিশ্বাসের স্মৃতি রক্ষার দায়িত্বও সরকারের।’

বিবৃতিদাতারা আরও বলেন, ‘আমরা জেনেছি, বাংলাদেশের ভ্রমণ লেখক ও বাইসাইকেল রাইডাররা এবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে হবিগঞ্জ থেকে সাইকেল চালিয়ে বিদ্যাভূষণ পাড়ায় যাচ্ছেন বাইসাইকেলে বিশ্ব ভ্রমণকারী রামনাথ বিশ্বাসকে স্মরণ করতে। সেই লক্ষ্যে লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা মিলে গঠন করেছেন ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি। ওই কমিটি পর্যটন দিবসে প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে রামনাথের বাড়িটি পুনরুদ্ধারের পর সেখানে ভ্রমণবিষয়ক বইয়ের একটি বিশেষায়িত পাঠাগার এবং বাইসাইকেল মিউজিয়াম গড়ে তোলার দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রতি বছর বিশ্ব পর্যটন দিবসে রামনাথ বিশ্বাসকে নিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনকে বিশেষ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। আমরা তাদের এই দাবিগুলোর প্রতিও সমর্থন ব্যক্ত করছি।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা চাই, শুধু রামনাথ বিশ্বাস নয়, সরকার উদ্যোগী হোক আমাদের ইতিহাস-ঐতিহ্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রেখে যাওয়া সবার স্মৃতি সংরক্ষণে।’

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, অভিনয়শিল্পী শিমূল ইউসুফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকজয়ী অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, গবেষক সাইমন জাকারিয়া, নাট্যকার মাসুম রেজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত