খুলনায় গৃহবধূকে (৩৫) বিবস্ত্র করে মারধরের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার তার শরীরে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৩টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার শামীমা নাসরিন নামে ওই গৃহবধূকে হত্যার হুমকিও দেওয়া হয়। দুর্বৃত্তদের ছোড়া এসিডে গৃহবধূর বাম হাত, গলা ও মুখের কিছু অংশ ঝলসে গেছে। তিনি ওই গ্রামের গফফার গাজীর স্ত্রী। রাতেই তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর ছেলে বলেন, ‘গত শুক্রবার সকালে নিজেদের জমিতে আমি আব্বা-আম্মাকে নিয়ে ধানের চারা রোপণ করতে যাই। সেখানে বাধা ও হুমকি দেয় খালেক গাজীরা। রাত আনুমানিক ৩টার দিকে ঘরের জানালা দিয়ে মাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। নিক্ষিপ্ত এসিডে মায়ের শরীরের বাম হাতসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এর আগে বিভিন্নভাবে আমার মাকে হত্যার হুমকি দিয়ে আসছিল ওরা। সবশেষ গত শুক্রবার পুনরায় হত্যার হুমকি দিলে ওই দিন কয়রা থানায় জিডি করেন আমার বাবা।’
কয়রা থানার ওসি এ বি এম এস দোহা বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় গতকাল শনিবার বিকেলে চারজনকে আসামি করে মামলা হয়েছে।
এর আগে গত ১১ জুলাই সকালে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে খালেক গাজী ও আনিস গাজীসহ কয়েকজন গৃহবধূকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে একটি গাছের সঙ্গে বেঁধে প্রায় বিবস্ত্র করে মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
