মীরের কণ্ঠে চণ্ডীপাঠ শুনতে চান অনুরাগী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৪ পিএম

মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চণ্ডীপাঠ। বাঙালির দেবীপক্ষের শুরু এই কণ্ঠেই হয়। এবার মীরের (মীর আফসার আলী) কণ্ঠে চণ্ডীপাঠ শোনার ইচ্ছে প্রকাশ করলেন এক অনুরাগী। সোশাল মিডিয়ার মাধ্যমেই এই আবদার জানান তিনি। যার উত্তর দেন তারকা।

তুষার সেনগুপ্ত নামের ওই অনুরাগী মীরকে ট্যাগ করে লেখেন, মীরের ভরাট কণ্ঠে আবেগ, অভিনয় সবই রয়েছে। তাই এমন কণ্ঠে তার চণ্ডীপাঠ শোনার ইচ্ছে রয়েছে। তারকা একটিবার চেষ্টা করে দেখতেই পারেন। তার এই পোস্টে 'নস্টালজিয়ায় ভোগা পাবলিক'রা তেড়ে আসতে পারেন এবং 'হিন্দুভীর'রা ত্রিশূলের খোঁচা মারতে পারেন, তা জেনেই পোস্টটি করেছেন বলে জানান তুষার। আর তার এই পোস্ট শেয়ার করে মীর লিখেছেন, 'ধৃষ্টতা নেই। মার্জনা করবেন। তবে তুষার সেনগুপ্ত, আপনি যে আমাকে নিয়ে এটা ভেবেছেন, এটাই আমার বড় প্রাপ্তি।'

উল্লেখ্য, গত শতকের তিনের দশক থেকে রেডিওয় বেজে ওঠা মহালয়ার সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠস্বর। ভোরের ময়ূরকণ্ঠী নীলচে অন্ধকার আর বাতাসে শিউলি-সুবাসের সঙ্গে যা এক অনন্ত জলছাপের মতো লেগে রয়েছে। হয়ে উঠেছে অনতিক্রম্য।

বাঙালির পুজোর শুরু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চণ্ডীপাঠেই। এমন চণ্ডীপাঠ তার কণ্ঠে অনুরাগী শুনতে চেয়েছেন, একেই প্রাপ্তি বলে মেনে নিয়েছেন মীর। তবে অনুরোধটি যে তিনি রাখতে পারলেন না তা বীনিতভাবেই জানিয়ে দিয়েছেন। সূত্র : সংবাদ প্রতিদিন 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত