গোপালগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্টের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় পিটিআইর মূল ফটকের সামনে এই মানববন্ধন করে ট্রেনিং অব মাস্টার্স ট্রেইনার্স ইন ইংলিশ (টিএমটিই) প্রকল্পের প্রশিক্ষণার্থীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েকজন ভুক্তভোগী প্রশিক্ষণার্থী বক্তব্য দেন। এ সময় বক্তারা প্রশিক্ষণকালে তাদের সঙ্গে করা বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিচার এবং প্রশিক্ষণ শেষে সনদ নিয়ে হয়রানি বন্ধের দাবি জানান এবং ন্যায়বিচার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী টিএমটিই প্রশিক্ষণার্থীদের প্রতি সংহতি জানিয়ে স্থানীয় জনগণ তাদের সঙ্গে মানববন্ধনে যোগ দেন।
