প্রথমবার বাবা হলেন পরিচালক আলি আব্বাস জাফর। স্ত্রী অ্যালিসিয়ার ছবি দিয়ে সুখবর শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। জানালেন, শনিবার তাদের ঘর আলো করেছে এক কন্যাসন্তান।
ছবিতে বেবি বাম্পে হাত রেখে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে অ্যালিসিয়া। সন্তানলাভের বার্তাসহ আলির পোস্ট করা সেই ছবির নিচে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউড তারকারা। উচ্ছ্বাসে স্মৃতিকাতর হয়ে পড়েছেন আলি। তার মনে পড়ে যাচ্ছে, প্রেমিকা অ্যালিসিয়ার সঙ্গে ভালোবাসার যাত্রাপথ। ভিন্ন দেশের নাগরিকত্ব, সাংস্কৃতিক আত্মপরিচয়- কিছুই বাধা হতে পারেনি যেখানে।
আলি লেখেন, 'আমাদের পরম সৌভাগ্য যে, পরস্পরকে খুঁজে পেয়েছি। ভালোবেসে বিয়ে করেছি। দুবছর পর জীবনের সেরা উপহারটুকু পেলাম, যার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দুজন।'
কন্যার জন্মের সময়ও উল্লেখ করেন 'সুলতান'-এর পরিচালক। জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিটে জন্ম নিয়েছে তাদের মেয়ে। নামও ঠিক করে ফেলেছেন তার। আলির কথায়, 'আমাদের সন্তান আলিজা জেহরা জাফরকে আপনারা সকলে স্বাগত জানাবেন।'
তার পোস্টে হৃদয় এঁকে দিয়েছেন আনুশকা শর্মা, ভূমি পেদনেকর। অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, সুনীল গ্রোভার, টাইগার শ্রফ থেকে শুরু করে আরো অনেকেই।
'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়', 'ভারত'-এর মতো সুপারহিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন আলি আব্বাস। সম্প্রতি তার প্রথম ওটিটি ছবি 'যোগী' মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। হাতে রয়েছে আরো একগুচ্ছ ছবি, যার মধ্যে প্রস্তুতি চলছে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'-র। সূত্র : বলিউডলাইফ ডটকম
