ট্রান্সজেন্ডারের ভূমিকায় সুস্মিতা সেন; গৌরী সাওয়ান্তকে নিয়ে ওয়েব সিরিজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০২ পিএম

প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। সেসব ভুলে এখন শুটিংয়ে মন দিয়েছেন সুস্মিতা সেন। পুনেতে শুটিং করতে দেখা গেছে প্রাক্তন মিস ইউনিভার্সকে। তাতেই নতুন জল্পনা শুরু।

গত ১৪ সেপ্টেম্বর নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের কথা জানান সুস্মিতা। সে সময় মনে করা হয়েছিল, অভিনেত্রী হয়তো 'আরিয়া' সিরিজের নতুন সিজনের শুটিং শুরু করেছেন। তবে শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে ভিন্ন লুকে দেখা গেছে সুস্মিতাকে। উজ্জ্বল নীল রঙের শাড়ি পরেছেন অভিনেত্রী। কপালে চওড়া টিপ। মাথার চুল খোঁপা করে বাঁধা। তাতে আবার ফুল জড়ানো।

অভিনেত্রীর এই লুক দেখেই নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, রূপান্তরিত লিঙ্গের গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। গৌরীর জীবনের কাহিনিই ওয়েব সিরিজে ফুটিয়ে তোলা হবে।

কিন্তু কে এই গৌরী সাওয়ান্ত?
পুনেতে গণেশ নামে জন্ম হয়েছিল তার। বাবা ছিলেন কড়া পুলিশ সদস্য। অল্প বয়সেই মাকে হারান গৌরী। ঠাকুমা তাকে বড় করে তোলেন। ১৮ বছর বয়সে বাড়ি ছাড়েন গৌরী। তার কারণে বাবার কষ্ট হোক, তা চাননি বলেই ঘর ছাড়েন। বাড়ি ছাড়ার পর মুম্বাইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেন গৌরী। যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন। গৌরীর কাহিনি এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। এবার ওয়েব সিরিজে দেখা যেতে পারে, এমন খবরই শোনা যাচ্ছে। সূত্র : ইন্ডিয়া টুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত