কাজী ফার্মের বিরুদ্ধে দুই মামলার শুনানি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২৮ এএম

ব্রয়লার মুরগি ও ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগে কাজী ফার্মস গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দায়ের করা দুই মামলার শুনানি হয়েছে। গতকাল সোমবার প্রতিযোগিতা কমিশনের এজলাসে উভয় পক্ষের উপস্থিতিতে এ শুনানি হয়। এতে কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান ও দুজন আইনজীবী উপস্থিত ছিলেন।

শুনানিতে দুটি মামলায় কমিশনের চাওয়া তথ্য আগামী ৬ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্যের মধ্যে মুরগির ব্যবসার ট্রেড লাইসেন্স, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর, মুরগির ব্যবসা পরিচালনার সময়কাল, গত তিন মাসে (জুলাই, আগস্ট সেপ্টেম্বর) কাজী ফার্মের মুরগি উৎপাদন ও বাজারজাত খরচ, মুরগি উৎপাদন ও বিক্রয়মূল্য, মুরগির বাজারে কাজী ফার্মের শেয়ার ও অস্বাভাবিকভাবে মুরগির মূল্যবৃদ্ধির যৌক্তিকতার তথ্য দিতে হবে।

বাজারে মূল্য বৃদ্ধি করে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করার অভিযোগে এ পর্যন্ত ৪৪টি মামলা হয়েছে। শেষ দফায় ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। এসব মামলার মধ্যে প্রথম দিনে গতকাল সোমবার কাজী ফার্মস গ্রুপের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুই মামলার শুনানি হয়েছে। বাকি ৭ প্রতিষ্ঠানের ৯ মামলার শুনানি হবে আজ মঙ্গলবার।

কমিশন বলছে, এসব প্রতিষ্ঠানের কারসাজির জন্য বিগত সময়ে নিত্যপণ্য ও সব ধরনের নিত্যব্যবহার্য পণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কোম্পানিগুলো সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। সে জন্য প্রতিযোগিতা কমিশন ‘স্বপ্রণোদিত’ হয়ে মামলা করেছে।

কমিশন থেকে প্রাপ্ত তালিকায় দেখা গেছে, চালের বাজারে সংকটের জন্য কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী আব্দুর রশিদ ও নওগাঁর বেলকন গ্রুপের বেলকন প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী বেলাল হোসেনের নামে মামলা হয়েছে।

একই কারণে বাজারে চাল সরবরাহকারী আরও দুটি করপোরেট প্রতিষ্ঠান সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (বিইওএল) বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে, আটা-ময়দার বাজারেও সংকট তৈরির অভিযোগে সিটি গ্রুপের নামে পৃথক মামলা করেছে প্রতিযোগিতা কমিশন।

এ ছাড়া ডিমের বাজারে কৃত্রিম সংকট তৈরি করায় প্যারাগন পোলট্রি লিমিটেড, কাজী ফার্মস গ্রুপ এবং ডিম ব্যবসায়ী আড়তদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি মুরগির বাজারে সংকট তৈরির জন্যও প্যারাগন পোলট্রি লিমিটেড ও কাজী ফার্মস গ্রুপের নামে দুটি আলাদা মামলা হয়েছে।

অন্যদিকে, বাজারে নিত্যব্যবহার্য পণ্য সাবান, সুগন্ধি সাবান এবং গুঁড়া সাবানের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরির দায়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নামে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত