সানজিদাদের বরণে ময়মনসিংহে দুদিনের অনুষ্ঠান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৫১ পিএম

গারো পাহাড়ের পাদদেশের গ্রাম কলসিন্দুর থেকে হিমালয় জয় করা ফুটবলকন্যাদের রাজকীয় প্রত্যাবর্তনে বর্ণিল আয়োজন করা হচ্ছে ময়মনসিংহে। সানজিদা খাতুন-মারিয়া মান্ডাসহ আট ফুটবলারকে বরণ করতে জেলায় টানা দু’দিন অনুষ্ঠান হবে। কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নারী ফুটবল টিমের ম্যানেজার মালা রানী সরকার জানান, ফুটবলকন্যাদের তিনি রিসিভ করবেন ফেডারেশন থেকে।

কাল সকালে ঢাকার ফুটবল ফেডারেশন কার্যালয় থেকে ফুটবলকন্যারা সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেবেন। ময়মনসিংহ সদরের সিবিএমসি হাসপাতালের সামনে থেকে তাদের বরণ করে নিয়ে ছাদখোলা গাড়িতে শোভাযাত্রাসহ ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক ঘুরে সার্কিট হাউজে যাবে। সেখানে দুপুরের খাবারের পর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ফুটবল ফেডারেশন যৌথভাবে তাদের সংবর্ধনা দেবে। পরের দিন পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। শুক্রবারই ফুটবলারদের ধোবাউড়ায় বাড়িতে নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত