বিতর্কিত টি-১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। সোমবার রাতে আবুধাবিতে হয়ে যাওয়া প্লেয়ার্স ড্রাফটে দুজনকেই দলে নিয়েছে বাংলা টাইগার্স যেখানে আগে থেকেই আছেন সাকিব আল হাসান, মোহাম্মদ আমির ও এস শ্রীশান্থ।
বিতর্ক আর টি-১০ লিগ এগিয়েছে পায়ে পায়ে। সাকিব আল হাসান যে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হয়েছিলেন, সেই দীপক আগারওয়াল ছিলেন টি-১০ ফ্র্যাঞ্চাইজি সিন্ধিসের মালিক। ২৯ এপ্রিল, ২০২০ সালে আগারওয়ালকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। সাকিব ছাড়াও বাংলা টাইগার্সে আছেন দুজন ক্রিকেটারÑ পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও ভারতের ফাস্ট বোলার শ্রীশান্থ, যারা স্পট ফিক্সিংকা-ে জেল খেটেছেন, বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন। গেল বছর এই আসরে খেলা দুজন ক্রিকেটার পরবর্তীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন সন্দেহভাজন একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে।
বাংলাদেশের আরও দুই ক্রিকেটার দল পেয়েছেন এবারের টি-১০ লিগে। টিম আবুধাবি দলে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে আর ডেকান গ্ল্যাডিয়েটর্স নিয়েছে তাসকিন আহমেদকে। তবে দল পেলেও শেষ পর্যন্ত তারা খেলতে পারবেন কি-না তা নিয়ে আছে প্রশ্ন। কারণ ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর যখন এই লিগ চলবে, সে সময়ই বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের। এই প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সাংবাদিকদের জানিয়েছেন, দেশের খেলার সময় বাইরের লিগে খেলার সুযোগ নেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের। সেক্ষেত্রে হয়তো অনাপত্তিপত্র দেবে না বিসিবি।
