বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড নামের একটি কোম্পানির ৩০০ কোটি টাকার সুকুক প্রস্তাবে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বুধবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস। কোম্পানির প্রস্তাবিত সুকুকটিতে জামানত থাকবে এবং এটি শেয়ারে রূপান্তর করা যাবে না। এই সুকুকটিতে শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকগুলো প্রাইভেট অফারের মাধ্যমে বিনিয়োগ করতে পারবে। এর মুনাফার হার হবে ৮ থেকে ১১ শতাংশের মধ্যে। এক বছরের গ্রেস পিরিয়ডসহ এর মেয়াদ হবে ৬ বছর।
দেশের পুঁজিবাজারে প্রথম সুকুক বন্ড ছেড়ে ৩ হাজার কোটি টাকা তুলেছে বেক্সিমকো গ্রুপ। এবার বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস সুকুকের অনুমোদন পেল। বেক্সিমকোর সুকুকটি মূল বাজারে লেনদেন হলেও বঙ্গ ম্যাটেরিয়ালসের সুকুকটি লেনদেন হবে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে, যেটি এখনো চালুর অপেক্ষায় আছে।
বঙ্গ ম্যাটেরিয়ালস সুকুকের মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করে বিদ্যমান যন্ত্রাংশ পুনঃঅর্থায়নে ১৬০ কোটি ৭৫ লাখ টাকা ও নতুন যন্ত্রাংশ ক্রয়ে ১৩৯ কোটি ২৪ লাখ টাকা ব্যয় করবে। সুকুকটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা এবং ২০টিতে একটি লট। ন্যূনতম সাবসক্রিপশন ১ লাখ টাকা।
