'আপত্তিকর দৃশ্য' ছেঁটেও পার পেলেন না একতা কাপুর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৪ পিএম

একটি ওয়েব সিরিজের জন্য প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিহারের বেগুসরাইয়ের আদালত। এই মামলায় অবিলম্বে তাকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক।

একতার বিরুদ্ধে অভিযোগ, তার ওয়েব সিরিজ 'ট্রিপল এক্স' (সিজন-২)-এ সেনা সদস্যদের অসম্মান এবং তাদের পরিবারের অনুভূতিকে আঘাত করা হয়েছে। বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার নামে এক প্রাক্তন সেনা সদস্যের অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

২০২০ সালে প্রাক্তন ওই সেনা সদস্য অভিযোগ করেন, 'ট্রিপল এক্স' নামে ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিক 'আপত্তিকর' দৃশ্য দেখানো হয়েছে। অভিযোগকারীর দাবি, দৃশ্যটি একজন সেনা সদস্য হিসাবে তাকে মর্মাহত করেছে।

যদিও দুবছর আগে ওই সিরিজ থেকে দৃশ্যটি ছেঁটে ফেলে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছিলেন একতা। তার পরেও কেন আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল? সে প্রসঙ্গে শম্ভুর আইনজীবী ঋষিকেশ পাঠক জানান, 'বিতর্কিত দৃশ্য বাদ দিলেও তিনি এই মামলায় আদালতে হাজিরা দেননি। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।' সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত