আকবরের স্ত্রীর সঙ্গে প্রতারণা

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১০:৩৩ পিএম

বেশ অনেকটা সময় ধরেই কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন 'ইত্যাদি'-খ্যাত গায়ক আকবর। আর আর্থিক সমস্যার কারণে ঠিকভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছে না তার পরিবার। এমনই সংকট-মুহূর্তে আকবরের পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ আনলেন স্ত্রী কানিজ ফাতেমা।

নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, 'গতকাল দুজন প্রতারক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। একটা মানুষ মৃত‍্যুর সাথে লড়াই করছে। তারপরও এই পরিস্থিতিতে মানুষ আমার সাথে খেলা করছে।'

ঘটনার বিষয়ে কানিজ ফাতেমা বলেন, 'গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় দিয়ে দুজন মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা বলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে তারা আমার স্বামীর জন্য সহায়তা করবেন। কিন্তু তাদের সঙ্গে দেখা করতে হবে। অসুস্থ মানুষটাকে একা ফেলে আমার পক্ষে দেখা করা সম্ভব না। অন্য কোনো উপায়ে সহায়তা পাঠানো যায় কি না জানেতে চাইলে তারা আমার কাছে পাঁচ হাজার টাকা চায়। আমি বলি, প্রধানমন্ত্রীর সহায়তা নিতে তো এর আগে কোনো টাকা লাগেনি। ওরা জানায়, এটা অন্য মন্ত্রণালয়ের তাই টাকা লাগবে। আমি বলি, আমার কাছে তো টাকা নেই, জোগাড় করে দিতে হবে। সময় লাগবে। পরে টাকা জোগাড় করে বিকাশে পাঠিয়ে দিই। কথা ছিল, আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সহায়তা নিয়ে আসব। কিন্তু যাওয়ার পর থেকেই দেখলাম তাদের ফোন বন্ধ। অনেকক্ষণ অপেক্ষা করার পর কার্যালয়ের লোকজনকে বললে তারা বলেন, যারা আপনাকে আসতে বলেছে তারা ছাড়া অন্য কেউ আপনাকে রিসিভ করতে পারবে না। পরে অনেকক্ষণ অপেক্ষা করে চলে এসেছি।'

তিনি আরো বলেন, 'এমন দুরবস্থায় প্রতারণার শিকার হওয়া খুবই দুঃখজনক। আমি সবার কাছে সহায়তা চাই। আকবরের শারীরিক অবস্থা তেমন ভালো নেই। তার চিকিৎসার জন্য আরো প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরের চিকিৎসার জন্য ২২ লাখ টাকার সঞ্চয়পত্র দেন, সেই অনুদানের অর্থেই এতদিন আকবরের চিকিৎসা চলেছে।'

তবে সেই সঞ্চয়পত্র ভাঙাতে পারলে চিকিৎসা করানো সহজ হতো বলে মনে করেন কানিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত