আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ তরুণীর মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেনকুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. সাজ্জাত হোসেন (২৫)। আনুমানিক ২২ বছর বয়সী তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত তরুণ-তরুণী রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করত। রাতে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে বসা ছিল। রাতে সাড়ে ১২টার দিকে তিতাস কমিউটার সাল্টিং করার সময় জংশন এলাকার আখাউড়া-সিলেট রেলপথের পূর্ব কলোনি এলাকায় ট্রনে কাটা পড়ে ওই তরুণ-তরুণীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. মাসুদ জানান, নিহত সাজ্জাত হোসেনের ভাই ও খালা গতকাল শনিবার সকালে থানায় এসে তার পরিচয় শনাক্ত করেন। তার ও অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত