বগুড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরে গোপাল চন্দ্র দাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার শেখেরকোলার তেলিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোপাল ওই এলাকার চিত্তরঞ্জন দাসের ছেলে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- কাজল চন্দ্র সরকার (৩২), পাপ্পু সরকার (৩৫), হেলাল মিয়া (৪০) এবং বিমল চন্দ্র সরকার (৩৭)। এ ঘটনার মূল হোতা বিপ্লব পলাতক রয়েছেন।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে বিপ্লব, গোপালসহ চার-পাঁচজন মিলে তাসের মাধ্যমে জুয়া খেলছিলেন। খেলার একপর্যায়ে গোপালের সঙ্গে বিপ্লবের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। রেগে বিপ্লব গোপালের বুকে লাথি মারেন। তখন সাময়িক মীমাংসা করে তারা খেলা শেষে যার যার বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর গোপাল বুকে ব্যথা অনুভব করেন এবং পরিবারের সবাইকে জানান জুয়া খেলার সময় বিপ্লব তাকে বুকে লাথি মেরেছে। পরে পরিবারের লোকজন গোপালকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার এসআই ইমতিয়াজ আহমেদ জানান, অভিযোগ পাওয়া মাত্র ভোরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।
সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
