শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ, নিহত শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা বীমা সুবিধা প্রদান এবং ট্যাংকলরি টার্মিনাল নির্মাণসহ ১০ দফা দাবিতে প্রস্তুতি সভা করেছে বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। সভা থেকে আগামী ২২ অক্টোবরের মধ্যে ১০ দফা দাবি পূরণ না হলে ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। গতকাল রবিবার সকালে বরিশাল নগরের বান্দ রোডের যমুনা অয়েল ডিপো চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুম খন্দকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. কামাল হোসেন।
বক্তারা বলেন, ট্যাংরলরি শ্রমিকদের নিয়োগবিধি এবং ন্যূনতম মজুরি আজ পর্যন্ত নির্ধারণ করা হয়নি। জ্বালানি তেল এবং নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়লেও শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। ফলে তারা মানবেতর জীবনযাপন করছে।
