ঠাকুরগাঁওয়ে আনসার ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত ৮

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১১:৩২ এএম

ঠাকুরগাঁওয়ে হোটেলে নাস্তা খাওয়াকে কেন্দ্র করে আনসার সদস্য ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনসারসহ আটজন আহত হয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দ নগর এলাকায় রোববার বিকেলে একটি খাবার হোটেলে নাস্তা খেতে আসেন এক আনসার সদস্য। এসময় খাবার দিতে একটু দেরি হলে ওই আনসার সদস্য হোটেল কর্মচারীর ওপর ক্ষিপ্ত হয় এবং তার শার্টের কলার ধরে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন। পরদিন সোমবার রাতে এক আনসার সদস্য ওই বিষয়টি নিয়ে কথা বলতে আসলে হোটেল কর্মচারী ও আনসার সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা শোনার পর আনসারের প্রায় ২০ থেকে ২৫ জন সদস্য লাঠিসোটা নিয়ে হোটেল কর্মচারীসহ স্থানীয় পথচারীদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ৮ জনকে ক্যাম্পে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মাসুদ রানা নামে স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি বসে পত্রিকা পড়ছিলেন, এ সময় আনসার সদস্যরা তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং তার কোন কথা না শুনেই তাকে ক্যাম্পে তুলে নিয়ে যায়। সেখানেও তার ওপর অমানবিক নির্যাতন করা হয়। এ ঘটনায় তিনি আনসার সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

৯ নং ওয়ার্ড কাউন্সিলর দোলন কুমার মজুমদার জানান, উত্তেজিত জনতাকে সরিয়ে দিতে আনসার সদস্যরা লাঠিচার্জ করলে তিনিও আহত হন। পরে আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটককৃতদের ছাড়িয়ে আনা হয়েছে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও ১ আনসার ব্যাটালিয়ন সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয় নাই। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, ক্যাম্পে তুলে নেওয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। এঘটনায় এক আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত