উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা শিশু নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১২:২৭ পিএম

কক্সবাজারের উখিয়ার ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তাসফিয়া আক্তার (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১৮ বছর বয়সী আরও এক তরুণী।

সোমবার মধ্যরাতে উখিয়ার ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত তাসফিয়া আক্তার ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে।

এ ছাড়া আহত দিল কায়েছ একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের ইয়াছিনের শেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ দিল কাইয়েছ এখনো চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত