ইউক্রেনীয় অঞ্চলের সংযুক্তিতে রাশিয়ার অনুমোদন

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১২:২১ এএম

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তিকরণের বিল রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষেই পাস হয়েছে। এখন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তাতে সই করলেই এ অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার হয়ে যাবে।

গতকাল মঙ্গলবার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ‘ফেডারেশন কাউন্সিল’ সর্বসম্মতভাবে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির অনুমোদন দিয়েছে। এর আগের দিন সোমবার একইভাবে পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমায়’ এ সংযুক্তি অনুমোদন পায়। এখন চার অঞ্চল সংযুক্তিকরণ সংক্রান্ত নথি ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। তার স্বাক্ষরের মাধ্যমে ইউক্রেনের ১৮ শতাংশ ভূখণ্ড কাগজে-কলমে দখলে নেবে রাশিয়া।

আংশিকভাবে দখল করা এসব অঞ্চলে গণভোট অনুষ্ঠানের পর রাশিয়া গত শুক্রবার এগুলোকে নিজ ভূখণ্ডের সঙ্গে জুড়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। এরপর পার্লামেন্টে তা অনুমোদন পেল।

পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেন ওই চার অঞ্চলে রাশিয়ার গণভোটকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ওই গণভোটকে ভুয়া আখ্যা দিয়ে তারা বলছে এতে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটেনি।

ক্রেমলিন এখনো আনুষ্ঠানিকভাবে নতুন অঞ্চলগুলোর সীমানা চিহ্নিত করেনি। অঞ্চলগুলোর বড় অংশ এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত