নির্বাচনে নিরাপত্তা: ১২২৬ কোটি টাকা চায় পুলিশ

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৯:৩৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও গাড়ি এবং নিরাপত্তা সরঞ্জামাদি কেনার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। এ জন্য ১২২৬ কোটি টাকা চেয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ফিন্যান্স অ্যান্ড বাজেট) আতিকুর রহমান মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের পূর্ব ও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর যে সকল দাঙ্গা দমন সামগ্রী ও অপারেশনাল সামগ্রী রয়েছে তা নিতান্তই অপ্রতুল। দাঙ্গা-দমন সামগ্রী ও অপারেশনাল সামগ্রী পুলিশে সংযুক্ত না হলে নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের প্রয়োজনীয় নিরাপত্তা দুরূহ হবে।

তাছাড়াও প্রয়োজনীয় দাঙ্গা দমন সামগ্রী ও অপারেশনাল সামগ্রী পুলিশে সংযুক্ত না হলে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তাও বিঘ্নিত হবে।

চিঠিতে গাড়ি ছাড়াও পুলিশের জন্য অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য ১৫৮ কোটি ৭ লাখ, ৭৭ কোটি ৫০ লাখ টাকার নিরাপত্তা সামগ্রী, ১২ কোটি টাকার তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি, ৪৪ লাখ টাকার কম্পিউটার ও আনুসাঙ্গিক জিনিসপত্র, ৭ কোটি টাকার কম্পিউটার সফটওয়্যার, ২০৪ কোটি ৮০ লাখ টাকার পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম কিনতে ৫৪০ কোটি টাকাসহ মোট ১২২৫ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৬১০ টাকা চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত