রাষ্ট্রদ্রোহ ও টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে জাপানের এক চলচ্চিত্র নির্মাতা টরু কুবোতাকে (২৬) ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা আদালত। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে জানানো হয়, গত জুলাইয়ে মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনের বিক্ষোভের চিত্রধারণকালে গ্রেপ্তার হন তিনি। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে জনমত উসকে দেওয়ার অভিযোগ আনা হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বুধবার কুবোতাকে রাষ্ট্রদ্রোহে তিন বছর এবং টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে সাত বছরের সাজা দেওয়া হয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের শুনানি ১২ অক্টোবর ধার্য করেছে আদালত। তার মুক্তির জন্য আমরা মিয়ানমার কর্র্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, আইনি লড়াই চালিয়ে যেতে চাই।’ গত বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে মিয়ানমারের রাজনীতিক, সাংবাদিক, অধিকারকর্মী, চিকিৎসকসহ কয়েকজন বিদেশিকে কারাগারে পাঠায় তারা। আটক বিদেশিদের ক’জনের বিরুদ্ধে বদ্ধ আদালতে রায় ঘোষণা করছে জান্তা।
×
