জেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সময় নেত্রকোনার কলমাকান্দায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থীকে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে উদ্ধার করেছে পুলিশ।
ভুক্তভোগী আসমা সুলতানা আশরাফ দাবি করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার পর সন্ধ্যার দিকে কর্মী ও স্থানীয়দের নিয়ে ভারতীয় সীমান্তঘেঁষা পাঁচগাঁও মোড়ের একটি স্টলে বসে চা পান করার সময় আমার ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষের লোকজন। তারা আমাকেসহ কর্মীদের বেধড়ক মারপিট করে ক্যামেরা, মোবাইল, হাতের চুড়িসহ সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আমাদের উদ্ধার করে। আমি কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তবে কলমাকান্দা থানার এসআই শহীদুল ইসলাম বলেন, ফোন পাওয়ার ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের দোকানে বসা অবস্থায় পেয়েছি। তারা বলছেন তাদের মারধর করা হয়েছে। সেখানে দোকানদার ছাড়া অন্য কাউকে পাইনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়নি।
